উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৃষা ও সাদাতের ছোট একটি বার্তার ভুল ব্যাখ্যা থেকে শুরু হওয়া নীরবতা আসলে অনেক সম্পর্কেরই বাস্তব চিত্র। অনেক সময় ভালোবাসা কমলে নয়, বরং অস্পষ্ট কথা বা তাড়াহুড়ো করে দেওয়া উত্তরের ভুল ব্যাখ্যা থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
মনোবিজ্ঞানী জন গটম্যান দীর্ঘ ৪০ বছরের গবেষণায় সম্পর্কের জন্য ক্ষতিকর চারটি অভ্যাস চিহ্নিত করেছেন। এগুলো হলো—সমালোচনা, অবজ্ঞা, নিজেকে বাঁচানোর চেষ্টা এবং কথা বন্ধ করে দেওয়া। সাইকোলজি টুডের একটি নিবন্ধে বলা হয়েছে, এই অভ্যাসগুলো সময়মতো না বদলালে তা একসময় বিচ্ছেদের আগাম ইঙ্গিত হয়ে দাঁড়ায়।
গবেষণায় দেখা গেছে, কোনো নির্দিষ্ট ভুল নিয়ে আলোচনার বদলে সঙ্গীর চরিত্র নিয়ে আক্রমণ করলে সম্পর্কের অবনতি ঘটে। কথা শোনা হচ্ছে না মনে হলে অনেকে সঙ্গীর স্বভাব নিয়ে খোঁচা দেন। ফলে অপরপক্ষ বিষয়টি বোঝার চেষ্টা না করে উল্টো পাল্টা জবাব দিতে শুরু করে। এই সমালোচনা একসময় অবজ্ঞায় রূপ নেয়, যা সম্পর্কের জন্য বিষের মতো।
যুক্তরাষ্ট্রের হিউম্যান পারফরম্যান্স রিসোর্স সেন্টার (এইচপিআরসি) পরামর্শ দিয়েছে, সঙ্গীকে আক্রমণের বদলে নিজের অনুভূতি ‘আমি’ দিয়ে প্রকাশ করা উচিত। যেমন, ‘তুমি স্বার্থপর’ না বলে ‘এই ঘটনায় আমার এমন লেগেছে’ বললে সঙ্গী নিজেকে আক্রান্ত মনে করেন না। গটম্যান ইনস্টিটিউট এর সঙ্গে নিজের চাওয়াটাও যোগ করার পরামর্শ দিয়েছে।
সঙ্গীকে কোনো কিছু বলার আগে নিজের খারাপ লাগার কারণটি নিয়ে ভাবা প্রয়োজন। এতে কথা গুছিয়ে বলা যায় এবং সঙ্গীরও তর্কে না জড়িয়ে বিষয়টি বুঝতে চাওয়ার সম্ভাবনা বাড়ে। শুরুতে এভাবে কথা বলা কিছুটা কৃত্রিম মনে হলেও নিয়মিত অভ্যাসের ফলে তা সম্পর্ককে আরও মজবুত ও সাবলীল করে তোলে।