উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন। তদন্তে রিমনের নামে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়, রিমনের দায়দেনা বাদে নিট সম্পদের পরিমাণ ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা। এর মধ্যে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি, যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চারটি হিসাবে ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। নগদে জমা ও চেকের মাধ্যমে উত্তোলিত এই বিপুল অর্থের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি সাবেক এই সংসদ সদস্য।
২০২৪ সালের ২২ ডিসেম্বর দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন উপ-সহকারী পরিচালক সুবিমল চাকমা। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।