উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস একটি নিষিদ্ধ ঘোষিত দলের রয়েছে। ১৯৭২ সাল থেকেই তারা এসব সহিংস কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী পক্ষের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
মন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নির্মমভাবে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। ১৭ বছর ধরে গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হওয়ার ঘটনার প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন আরও বলেন, তারা আবারও পুরোনো কায়দায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে জনগণ তা রুখে দাঁড়িয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামি হয়েও যারা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের প্রতিহত করতে দেশের মানুষ জানে।
মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।