উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার চুঁরখারহাট বাজার ও চৌমুহনী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও এর চালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত অটোরিকশায় চড়ে চুঁরখারহাট বাজারে আসে। বাজারের মোড়ে পৌঁছে তারা গাড়িতে বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে এবং পরে উত্তর দিকে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে তারা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায়।
এই আকস্মিক হামলায় পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন, শওকত হোসেন, মো. ইসমাইল, এনাম মুন্সি, মো. ইউসুফ ও হাসেম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক অটোরিকশাচালক মো. জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তার গাড়ি ভাড়া করেছিলেন। বাজারে পৌঁছানোর পর তারা গুলি ছুড়তে শুরু করেন এবং তাকে জিম্মি করে চৌমুহনীর দিকে গাড়ি চালাতে বাধ্য করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।