উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কে দ্য হাঙ্গার গেমস সানরাইজ অন দ্য রিপিং সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন ২৮ বছর বয়সী হলিউড তারকা এল ফ্যানিং। গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত ওই প্রিমিয়ারে তিনি প্রসাধনী সামগ্রী দিয়ে সাজানো এক ব্যতিক্রমী গাউন পরে অংশ নেন। স্টাইলিস্ট সামান্থা ম্যাকমিলেনের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী জিভঁাশির ক্রিয়েটিভ ডিরেক্টর সারাহ বার্টনের নকশায় তৈরি বিশেষ পোশাকটি পরেছিলেন।
গাউনটির ওপরের অংশে রত্নপাথরের বদলে বসানো ছিল পুরোনো আমলের সত্যিকারের কমপ্যাক্ট মিরর ও লিপস্টিক। আর নিচের অংশে মেঝে ছোঁয়া ফোলানো টুল কাপড়ের ঘের পোশাকটিকে একটি নাটকীয় রূপ দিয়েছিল। শুধু পোশাক নয়, এলের চুলের সাজেও ছিল চমক এবং তিনি স্টিফেন জোনসের তৈরি হেডপিস পরেছিলেন।
সুজান কলিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মার্কিন ম্যাগাজিন হারপার্স বাজার সূত্রে জানা যায়, ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড জিভঁাশির ২০২৫ সালের শরৎ-শীতকালীন সংগ্রহের একটি মিনিড্রেস থেকে অনুপ্রাণিত হয়ে এই গাউন তৈরি করা হয়েছে।
নিউইয়র্কের এই প্রসাধনী-গাউন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে এবং অনেকেই এটিকে আসল ক্যাম্প ফ্যাশন বলে প্রশংসা করেছেন। চরিত্রের সঙ্গে মানানসই এমন খামখেয়ালি সাজ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই তারকা।