উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল করতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন করা হয়েছে। সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিক ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে পাঠানো হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী। তারা সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর অব. গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরাম। এ ছাড়া নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেওয়ান আলফাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংগঠনটি বিএনপির রাজনৈতিক প্রচার-প্রসার, অনলাইন কার্যক্রম এবং সাইবার পরিসরে দলীয় যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জাতীয়তাবাদী মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্টদের সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে।