উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ ২৩ নভেম্বর নগরীর কোতোয়ালি থানার জামালখান, চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকারি কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া জামালখান এলাকা থেকে জব্দ করা প্রায় দুই মণ সবজি কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়।
পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ি, টং দোকান ও ফুট স্টলসহ মোট সাতটি মালামাল জব্দ করা হয়েছে। চসিক জানিয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।