উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে টানা ৯ দফায় কমার পর আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ নভেম্বর) সকালে ভরিতে একলাফে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে গত শনিবার (২১ নভেম্বর) রাতে টানা নবম দফায় দাম কমিয়ে এই মানের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
চলতি মাসের শুরু থেকে সোনার দাম কমার প্রবণতা ছিল। গত ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মোট ৯ দফায় দাম কমানো হয়। এর মধ্যে গত শুক্রবার একলাফে প্রায় ১১ হাজার টাকা এবং গত বৃহস্পতিবার ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭৬ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করেছিল বাজুস।
সোনার দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা আছে।