উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান জেরিকা তাসনিম দিশা। এছাড়া ঘটনার আগে তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে গিয়েছিলেন এবং একটি মোটরসাইকেল গ্যারেজে অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও তাকে দেখা গেছে।
নিহত তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের প্রমাণ রয়েছে। তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও অপর আসামির তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাইয়ের জন্য নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ এবং ৩০ অক্টোবর তার বাবা বাদী হয়ে মামলা করেন।