সর্বশেষ
মার্চ ২, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা: নিহত বেড়ে ৪১৫, ধ্বংসস্তূপে পরিণত অসংখ্য সামরিক স্থাপনা

Spread the love

ডেক্স রিপোর্ট, newsbd24live:


​আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে হতাহতের পাশাপাশি আফগান তালেবানের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইসলামাবাদ।


​তথ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত এবং অন্তত ৫৮০ জন আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আফগানিস্তানের ভেতর ১৮২টি চেকপোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং ৩১টি কৌশলগত পোস্ট নিজেদের দখলে নিয়েছে। এছাড়া আফগান বাহিনীর ৮৫টি ট্যাংক, সশস্ত্র যুদ্ধযান এবং ভারি অস্ত্রশস্ত্র ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান।


​আতাউল্লাহ তারার জানান, আফগানিস্তানজুড়ে মোট ৪১টি গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত নিখুঁতভাবে এবং কার্যকর উপায়ে বিমান হামলা চালানো হয়েছে। বিশেষ করে কুর্রাম সেক্টরের নিকটবর্তী আফগান ‘খারচর’ চেকপোস্টটি পাকিস্তানি বাহিনী পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।
​পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই অভিযানকে একটি ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসলামাবাদের দাবি, সীমান্তে আফগান তালেবানদের পক্ষ থেকে কোনো প্রকার উসকানি ছাড়াই বারবার হামলা চালানো হচ্ছিল। এর জবাবেই সীমান্ত সুরক্ষায় পাকিস্তান সেনাবাহিনী এই শক্তিশালী এবং কঠোর অভিযান পরিচালনা করছে।


​বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার ফলে আঞ্চলিক ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *