সর্বশেষ
এপ্রিল ৯, ২০২৬

কমলগঞ্জের মুন্সি বাজারে ভাষা শহীদদের প্রতি অনন্য সম্মান, যা নজর কেড়েছে সবার

Spread the love

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিবাজারে এক ব্যতিক্রমধর্মী ও ভাবগম্ভীর পরিবেশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ‘উই আর কমলগঞ্জ ওয়াক’-এর ব্যানারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


​অনুষ্ঠানটির বিশেষত্ব ছিল এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মেলবন্ধন। ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অর্থনীতিবিদ ও পিএইচডি গবেষক ডক্টর অপু আবুল হাসানের বিশেষ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


​পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইলিয়াস আলী, বিশিষ্ট শিক্ষক জনাব জুনায়েদ আহমদ, উদীয়মান সংগঠক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ রেশাদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে ‘উই আর কমলগঞ্জ ওয়াক’-এর মুখপাত্র ডক্টর অপু আবুল হাসান তার বক্তব্যে বলেন, একুশে ফেব্রুয়ারি বা ২৬শে মার্চের মতো জাতীয় দিবসগুলো কোনো নির্দিষ্ট দল বা মতের নয়, বরং এগুলো প্রতিটি বাংলাদেশির হৃদয়ের স্পন্দন। একজন সচেতন নাগরিক ও মুসলিম হিসেবে আমাদের নিজস্ব সংস্কৃতিকে জানা, বোঝা এবং লালন করা অপরিহার্য। এখানে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।


​বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইলিয়াস আলী তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন। তিনি শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বলেন, আগামীতে এ ধরনের সুস্থ ও মার্জিত সাংস্কৃতিক চর্চায় তিনি সবসময় পাশে থাকবেন এবং সক্রিয় অংশগ্রহণ করবেন।
​শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় গাম্ভীর্যের মিশেলে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভাষা দিবসের এমন ব্যতিক্রমী আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *