প্রকাশের তারিখ: ১২ নভেম্বর ২০২৫, বুধবার সংবাদ উৎস: newsbd24live.com
সাবেক এমপি হেলেন জেরিন খানের পক্ষে মাদারীপুর-২ আসনে সনাতন সম্প্রদায়ের বিশাল গণদাবি
হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান-কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে এমপি পদে মনোনয়ন দেওয়ার দাবিতে সনাতন ধর্মাবলম্বী জনগণের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা এই গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হেলেন জেরিন খান একজন যোগ্য, শিক্ষিত ও জনপ্রিয় নেতা। তিনি অতীতেও এ আসনের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আগামীর নির্বাচনে মাদারীপুর-২ আসনে তাঁকেই বিএনপি মনোনয়ন দিলে জনগণ ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা রাজনৈতিকভাবে আরও সংগঠিত ও সচেতন হয়ে উঠছে। তাঁর মনোনয়ন এই অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
সনাতন ধর্মাবলম্বী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণমিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
