আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:
সাভার (ঢাকা): জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার জায়গাগুলোতে বৈষম্য দূর করতে হবে। অর্থাভাবের কারণে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই বৃত্তি প্রদানের ক্ষেত্রে মেধার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।” তিনি শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, এনইএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনভেনার অধ্যাপক ড. এ. এইচ. এম. সা’দৎ হোসেন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাপানের এই এনভায়রনমেন্ট ফাউন্ডেশন প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষণ ও গবেষণায় উৎসাহিত করতে এই বৃত্তি প্রদান করে আসছে।
