ডেস্ক রিপোর্ট, ঢাকা
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার পরিপ্রেক্ষিতে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষের প্রতি এই মানবিক ও ধর্মীয় আহবানে সাড়া দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, আগামী শুক্রবার পবিত্র জুমার নামাজের পর দেশের সকল মসজিদে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মসজিদের ইমাম ও খতিবদের এ বিষয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কেবল মসজিদেই নয়, সরকারের পক্ষ থেকে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য সকল ধর্মের উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনা সভার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, দল-মত নির্বিশেষে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সুস্থতার জন্য সকলের সম্মিলিত প্রার্থনা কাম্য।
একই সঙ্গে দেশের সর্বস্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে সরকার। প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থার উন্নতিতে দেশবাসীর এই আধ্যাত্মিক অংশগ্রহণ ও শুভকামনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

