সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আওয়ামী লীগ নয় জাতীয় পার্টির বিরুদ্ধেও নিষেধাজ্ঞার দাবি!

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আজ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টায় আয়োজিত এই ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্পষ্ট করে দিয়েছে যে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের আগে জনগণের মতামতই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন এখন কেবল রাজনৈতিক দাবি নয় বরং জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোট ছাড়া নির্বাচন হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।বিগত সরকারের দুঃশাসনের কারণে দেশ নানামুখী সংকটের মুখে পড়েছে দাবি করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ, বিরোধীদের ওপর জুলুম নির্যাতন, গণহত্যা এবং ব্যাপক দুর্নীতির সঠিক বিচার না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

মাওলানা হালিম অভিযোগ করে বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে। দেশের রাজনীতিকে স্বচ্ছ ও শুদ্ধ করতে হলে তাদের অপতৎপরতার অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, জনগণই পারে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দিতে এবং তাই ৮ দলের ঘোষণা করা ৫ দফা দাবি আজ সবচেয়ে যৌক্তিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট।তিনি রংপুরবাসী ও গণমাধ্যম কর্মীদের আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান। সমাবেশ সফল করতে ইতোমধ্যে কয়েকটি উপকমিটি বিভাগীয় কার্যক্রম পরিচালনা করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমীসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *