তোফায়েল আলম ভূঁইয়া, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩০ বছর বয়সী শাহান আলী গত ২৪ বছর ধরে হাতে, পায়ে শিকল ও দড়ির বাঁধনে বন্দি জীবন কাটাচ্ছেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে ২৪ ঘণ্টাই বেঁধে রাখতে হয় তার পরিবারকে।

শাহান আলী দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থাপনারগাতি গ্রামের কৃষক আব্দুল মজিদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহান আলীর যখন মাত্র ৬ বছর বয়স, তখন তার শরীরে খিঁচুনি দেখা দেয়। এরপর থেকেই সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে শুরু করে।
কৃষক আব্দুল মজিদ মিয়ার পরিবার চরম আর্থিক সংকটের কারণে ছেলেকে উন্নত চিকিৎসা করাতে পারেননি। উন্নত চিকিৎসার অভাবে তার এই বন্দি জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
স্থানীয়রা আশা প্রকাশ করে বলছেন, সরকার বা কোনো হৃদয়বান সংস্থা যদি উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসে, তবে হয়তো শাহান আলী শিকলমুক্ত জীবনে ফিরতে পারবেন। এই দীর্ঘ ২৪ বছরের বন্দি জীবন তার পরিবার এবং এলাকাবাসীর মনে গভীর কষ্টের সৃষ্টি করেছে।
