ভোলা জেলার বহু ইউনিয়নের জনজীবন আজও উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই বঞ্চিত। ভাঙা কাঁচা রাস্তা, জরাজীর্ণ বক্স কালভার্ট আর অবহেলিত অবকাঠামো—সব মিলিয়ে এ যেন নিত্যদিনের দুঃসহ বাস্তবতা স্থানীয়দের জন্য।সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভোলা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক রশিদ আহম্মেদ, শরীফ হাওলাদার, সদস্য মীর মোশারেফ অমি ও সজীব কুমার শংকরসহ স্থানীয় নেতৃবৃন্দ একাধিক ইউনিয়নের ওয়ার্ড পরিদর্শন করেন। তাঁরা এলাকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলে শুনেছেন তাঁদের কষ্ট, বঞ্চনা ও দীর্ঘদিনের উন্নয়নহীনতার বাস্তব চিত্র।জনগণের একাধিক অভিযোগের মধ্যে ছিল—রাস্তাঘাটের বেহাল অবস্থা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ-কালভার্টের ভগ্নদশা এবং সরকারি নজরদারির অভাব।এ সময় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানান, এসব অবহেলিত এলাকায় দ্রুত রাস্তা সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়ার জন্য।স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহুদিন কেউ আমাদের কথা শোনেনি। এখন অন্তত কেউ আমাদের কষ্টের কথা শুনছে—এটাই আমাদের বড় প্রাপ্তি।”স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন, এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে হয়তো প্রশাসনের দৃষ্টি এবার তাঁদের দিকে ফিরবে।

