ডেক্স রিপোর্ট, নিউজবিডি২৪লাইভ:
লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় পরিস্থিতি চরম ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৪৩০ জন মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী নিহতদের মধ্যে ১২৯ জন শিশু এবং ৯৭ জন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত এবং ১৩৬ জন গুরুতর আহত হয়েছেন।
হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ পড়ছেন না সেবামূলক কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর সরাসরি আক্রমণে কমপক্ষে ৫৪ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন এবং ১৪৫ জন আহত হয়েছেন যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।
নভেম্বর ২০২৪ সালে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল তাদের বিমান হামলা এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে। ২ মার্চ থেকে সীমান্ত পারাপারের পর ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে অনুপ্রবেশ শুরু করে।
অন্যদিকে হিজবুল্লাহও মার্চের শুরু থেকে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। হিজবুল্লাহর দাবি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ এবং লেবাননে চলমান হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে।
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে লেবাননজুড়ে এখন মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। সাধারণ মানুষের বসতবাড়ি থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত হামলার আওতায় আসায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।

