নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে নানি-নাতি সম্পর্কের দুই নারী-পুরুষের দীর্ঘদিনের আলোচিত প্রেমের গল্প এবার পরিণয়ে রূপ নিয়েছে। গত শুক্রবার ২৭ মার্চ বিকেলে কোটচাঁদপুরের বলুহার প্রজেক্ট এলাকায় স্থানীয়দের হাতে আটকের পর জনমতের ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে টক অব দ্য টাউন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের ২১ বছর বয়সী যুবক মেহেদী হাসান এবং কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামের ৩৫ বছর বয়সী নারী তাসলির মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কে তারা দূর সম্পর্কের নানি-নাতি হলেও তাদের মধ্যে কোনো সরাসরি রক্ত সম্পর্কের আত্মীয়তা নেই।
তবে বয়সের ব্যবধান ও সম্পর্কের ধরন নিয়ে এলাকায় আগে থেকেই নানা গুঞ্জন ছিল।উল্লেখ্য যে এর আগেও গত বছরের জুলাই মাসে এই জুটি ঘর ছেড়ে পালিয়েছিলেন। সে সময় ১০ দিন নিখোঁজ থাকার পর পুলিশ কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়। কিন্তু সেই সতর্কবার্তায় তাদের সম্পর্কে চিড় ধরেনি।
ঘটনার দিন বিকেলে বলুহার প্রজেক্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তাসলির পূর্বের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে পুনরায় গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয়ের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিবাহ সম্পন্ন করা হয়।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জেল্লাল হোসেন জানান থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন।

