রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ধরিয়ারমহল বানিকা এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি সড়ক নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।স্থানীয়দের জানান, ফিসারীর সামনে থেকে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট রাস্তা দীর্ঘদিনেও ইট সলিং না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করলেও কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে।
সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে ভরে যায়, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় ১০ বছর ধরে বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারসহ বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটির উন্নয়নের দাবি জানিয়ে আসছি।
কিন্তু কোনো ফল পাচ্ছি না। বর্ষা মৌসুমে আমাদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।”এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও ইট সলিংয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করার জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

