মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি।আজ (২৭ মার্চ ২০২৬) নাসিরনগর প্রেসক্লাবে দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।তারা জানায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও অর্থ লেনদেনের দ্বন্দ্ব থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা ঈদের আগে ও পরে সংঘর্ষে রূপ নেয়।
সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মানবপাচার মামলা (নং-১১/২৪; তারিখ: ২০ মে ২০২৫) দায়ের করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/৯ ধারায় মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া জেলহাজতে রয়েছেন।
তারা আরও জানান, এ ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি কিংবা কোনো সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মীর কোন সম্পৃক্ততা নেই। গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদলিপি পাঠ করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে. এম. বশির উদ্দিন তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন, শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ।

