কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জনপ্রতিনিধি মানেই জনগণের সেবক—এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের ব্যক্তিগত সম্মানী ভাতার পুরো অর্থ অসহায় ও স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে ঈদ বোনাস হিসেবে বিতরণ করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে মুন্সীবাজারস্থ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী, হিসাব সহকারী এবং পরিচ্ছন্ন কর্মীসহ মোট ১৪ জন কর্মচারী এই বিশেষ ঈদ উপহার লাভ করেন। উৎসবের প্রাক্কালে হাতে বাড়তি অর্থ পেয়ে এসব কর্মচারীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার নির্বাচনের পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে, চেয়ারম্যান হিসেবে সরকার থেকে প্রাপ্ত কোনো সম্মানী তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করবেন না।
সেই প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে তিনি নিয়মিতভাবে তার সম্মানীর অর্থ মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার পরিষদের নিম্নআয়ের কর্মচারীদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তিনি এই পদক্ষেপ নিলেন।
অর্থ বিতরণকালে মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমার প্রধান লক্ষ্য ইউনিয়নবাসীর সেবা করা। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের জন্য নয়, এটি সবার। আমার পরিষদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করেন, তাদের মুখে হাসি ফোটানোই আমার প্রাপ্তি। মুন্সীবাজার ও ইউনিয়নবাসীর সুখ-শান্তিই আমার কাম্য।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে যেখানে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে, সেখানে নাহিদ আহমদের এমন ত্যাগ ও মানবিকতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। তার এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

