কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা আবু হানিফা। পতনঊষা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
বলরামপুরী রহমতুল্লাহি আলাইহি-এর সুযোগ্য উত্তরসূরী হিসেবে পরিচিত মাওলানা আবু হানিফা দীর্ঘদিন ধরে অত্র এলাকায় ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু করেছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তিনি শুনছেন তাদের সমস্যার কথা এবং তুলে ধরছেন নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা।
প্রার্থিতা ঘোষণা করে মাওলানা আবু হানিফা বলেন, “আমি পতনঊষা ইউনিয়নের অবহেলিত জনপদকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে চাই। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী এবং আধুনিক ইউনিয়নে রূপান্তর করব। দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পতনঊষা হবে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন।”
স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মাওলানা আবু হানিফার ভূমিকা প্রশংসনীয়। তরুণ সমাজকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তার পরিকল্পনা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আশার সৃষ্টি করেছে।
বিশেষ করে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকাগুলোকে নতুন করে সাজানোর যে অঙ্গীকার তিনি করেছেন, তা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন নির্বাচনে একজন ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তার নাম এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে। পতনঊষা ইউনিয়নের সার্বিক পরিবর্তনে তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

