মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে উদীয়মান তরুণ সমাজসেবক মোঃ জাকির হোসেনের নাম এখন মুখে মুখে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি তাঁর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ জাকির হোসেন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করুক। তিনি তাঁর ওয়ার্ডের প্রতিটি মানুষের ঘরে ঘরে ঈদের খুশি ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করতে গিয়ে তরুণ এই সমাজসেবক বলেন, আমি যদি আপনাদের মূল্যবান ভোটে ১ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হই, তবে আমার প্রথম লক্ষ্য হবে এই ওয়ার্ডকে একটি ‘আদর্শ বা মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলা। অবহেলিত এই জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে আমার অন্যতম অগ্রাধিকার। বর্তমানে ওয়ার্ডের ভেতরে যেসব কাঁচা ও ভাঙাচোরা রাস্তাঘাট এবং কালভার্ট রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। আমি নির্বাচিত হলে এলাকায় নিয়মিত বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো, যাতে তরুণ প্রজন্ম বিপথগামী না হয়ে সৃজনশীল কাজে লিপ্ত হতে পারে।
এলাকার মুরব্বি ও যুবকদের দোয়া ও সমর্থন কামনা করে মোঃ জাকির হোসেন আশ্বাস দেন যে, তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং ১ নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে নিরলস কাজ করে যাবেন।

