কমলগঞ্জ প্রতিনিধি মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একটি যুগান্তকারী সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব ঘটানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক)। উপজেলার সর্বস্তরের মানুষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে বা ‘এক ছাতার নিচে’ নিয়ে আসার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অপু আবুল হাসানের নিজস্ব উদ্যোগে নির্মিত হচ্ছে একটি আধুনিক সেবামূলক মোবাইল অ্যাপ্লিকেশন।ডক্টর অপু আবুল হাসানের এই দূরদর্শী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর সাথে যুক্ত হয়েছে কমলগঞ্জের একদল অত্যন্ত উদ্যমী ও মেধাবী Gen-Z তরুণ।
এই স্বপ্নের মূল ভিত্তি হলো একটি আধুনিক ও ফিচারে ভরপুর মোবাইল অ্যাপ্লিকেশন, যা বর্তমানে উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য Google প্লে-স্টোরে উন্মুক্ত করে দেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে পুরো কমলগঞ্জ উপজেলা এক প্ল্যাটফর্মে সংযুক্ত হবে, যা উপজেলার নাগরিক সেবা প্রাপ্তিকে অভূতপূর্বভাবে সহজতর করবে বলে আশা করা হচ্ছে।’ওয়াক’ প্রজেক্ট এবং এর অ্যাপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরি ও প্রশাসনিক সহায়তার লক্ষ্যে সম্প্রতি কমলগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের সাথে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিনিধিদল পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজসেবা অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা বিদ্যুৎ অফিসের প্রধানদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও কমলগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বশীল ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেও তাঁদের মতবিনিময় হয়।সাক্ষাৎকালে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা কমলগঞ্জের উন্নয়নে এই অ্যাপের গুরুত্ব অনুধাবন করে কাজের গতি ত্বরান্বিত করতে ‘উই আর কমলগঞ্জ’-এর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
উক্ত মতবিনিময় সভাগুলোতে অর্থনীতিবিদ ডক্টর অপু আবুল হাসানের সাথে ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক)-এর বিভিন্ন দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন তরুণ উদ্যোক্তা ও জুলাই যোদ্ধা হাফেজ মাওলানা আবু হানিফা, বিশিষ্ট ব্যবসায়ী ও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সদস্য জনাব ইলিয়াছুর রহমান, সমাজসেবক জুনেদ আহমেদ মাস্টার, বিশিষ্ট সাংবাদিক জায়েদ আহমেদ (বার্তা সম্পাদক, দৈনিক ধলাইর ডাক ও স্টাফ রিপোর্টার, newsbd24live.com), বিশিষ্ট সাংবাদিক রাজন আহমেদ (দৈনিক আনন্দবাজার), সাংবাদিক তানভীর আহমেদ (কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক সমাচার), জুলাই যোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুস সামাদ সুমন, ইঞ্জিনিয়ার ফাহিম বিন জলিল, সমাজসেবক পারভেজ আহমেদ, এবং সিনিয়র সহকারী শিক্ষক বিমল কুমার সিংহ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে ডক্টর অপু আবুল হাসান জানান, তাঁদের মূল লক্ষ্য হলো অতি দ্রুত এই অ্যাপটি কমলগঞ্জের প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেওয়া। তথ্য-প্রযুক্তির এই যুগে সঠিক ব্যবহারের মাধ্যমে কমলগঞ্জে একটি দীর্ঘস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক বৈপ্লবিক পরিবর্তন আনাই তাঁদের মূল চালিকাশক্তি।

