সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি:
খুলনায় ঈদের কেনাকাটা করতে এসে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ শ্রমিক দলের স্থানীয় নেতা মো. মাসুম বিল্লাহ (৫২)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে অস্ত্রসহ আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃত মিনহাজ উদ্দিন মৌলভীর ছেলে মাসুম বিল্লাহ স্ত্রী-সন্তানসহ ঈদের কেনাকাটার উদ্দেশ্যে খুলনা নগরীতে আসেন।
কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ডাকবাংলা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি জুতার দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় ‘অশোক’ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ বাংলাদেশ শ্রমিক দলের রূপসা উপজেলা শাখার সাবেক সভাপতি এবং রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
খুলনা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও পেছনের পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে নেতা হত্যার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

