মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
সিলেটের সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরার একটি বড় চালান জব্দ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ১১০ বস্তা জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসান শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশ। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকে দেয়।
পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে “Mast Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং “K.S. Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৪৬ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম পাবনা জেলার সাথিয়া থানার জসমন্তর ধুলিয়া গ্রামের মৃত ছবেদ আলী প্রামানিকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এসব জিরা সিলেটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল এবং বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

