সর্বশেষ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পুলিশের নতুন পোশাক নিয়ে আপত্তি, ফের পরিবর্তনের আলোচনা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

পুলিশ বাহিনী সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের নভেম্বরে বাংলাদেশ পুলিশ এর ইউনিফরম পরিবর্তন করে লৌহ রঙের নতুন পোশাক চালু করে। তবে নতুন এই পোশাক নিয়ে বাহিনীর ভেতরেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ উঠেছে, নতুন ইউনিফরমের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অনেক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাকের মিল রয়েছে।

বিষয়টি ইতোমধ্যে সরকারের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট সূত্র বলছে, ইউনিফরম আবার পরিবর্তনের চিন্তাভাবনাও চলছে।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার পর থেকেই বাহিনী সংস্কার ও ইউনিফরম পরিবর্তনের দাবি ওঠে। পরে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক বাছাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে এবং তাদের সুপারিশ অনুযায়ী নতুন রঙ অনুমোদন দেয়।

সেই সিদ্ধান্তের অংশ হিসেবে গত বছরের ১৪ নভেম্বর থেকে মহানগর পুলিশ নতুন ইউনিফরম পরে দায়িত্ব পালন শুরু করে; পরে জেলা পর্যায়েও তা চালু হয়। তবে এপিবিএন ও এসপিবিএনের পুরোনো পোশাক বহাল রাখা হয়।স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ১১ নভেম্বর বলেছিলেন, শুধু পোশাক নয় সবার মন-মানসিকতারও পরিবর্তন দরকার। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাংলাদেশ আনসার এর ইউনিফরম পরিবর্তনের সিদ্ধান্তও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পোশাক বদলালেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না; পুলিশের আচরণ ও পেশাগত মানসিকতার উন্নয়ন জরুরি। সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা বলেছেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছিল, ইউনিফরম পরিবর্তন তা কিছুটা কমাতে সহায়ক হতে পারে তবে মূল পরিবর্তন হতে হবে মানসিকতায়।এদিকে মাঠপর্যায়ের অনেক পুলিশ সদস্য নতুন পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, একই ধরনের রঙ বেসরকারি সিকিউরিটি গার্ডদের পোশাকেও দেখা যায়, ফলে পরিচয় বিভ্রান্তির ঝুঁকি তৈরি হতে পারে। ঢাকায় দায়িত্ব পালন করা কয়েকজন সার্জেন্ট জানান, রাতে নতুন ইউনিফরম দূর থেকে স্পষ্ট দেখা যায় না, যেখানে আগের পোশাক বেশি দৃশ্যমান ছিল।উচ্চপদস্থ এক অতিরিক্ত আইজি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিফরম পরিবর্তনের বিষয়টি সরকারের কাছে তুলে ধরা হয়েছে।

একই মত দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর এক কর্মকর্তা; তার ভাষ্য, বর্তমান পোশাক বাহিনীর মর্যাদা যথাযথভাবে তুলে ধরতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *