সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাঁদাবাজি ছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও, সড়ক অবরোধ

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তারা বিক্ষোভে নামেন এবং থানার সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একদল সন্ত্রাসী একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায়। এ সময় কারখানার মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করা হয়। ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে থানার সামনে জড়ো হন।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন দেওয়ার সময় ১০/১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা। হামলায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনা অন্য কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা সন্দেহভাজন নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে আটকে রাখেন তারা। পরে রাসেলের বাবা পুলিশের সহায়তা চাইলে তাকে নিরাপত্তার জন্য থানায় নেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়।পুলিশ কর্মকর্তা আরও বলেন, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা করেছেন এবং বিষয়টি তদন্তাধীন। শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *