জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি ভোটকেন্দ্রে পুলিশ পরিচয়ে প্রবেশের সময় এক ভুয়া নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, নির্বাচনী ডিউটির সময় পুলিশের পোশাক পরিহিত ওই নারী কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সদস্যদের সন্দেহ হয়।পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন বক্তব্য দেন এবং একেক সময় একেক নাম-পরিচয় প্রদান করেন।এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, আটক নারী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তার প্রকৃত পরিচয় শনাক্তে কাজ চলছে।ঘটনার পর সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

