নিজাম উদ্দিন, ফটো /ভিডিও সাংবাদিক newsbd24live:
মৌলভীবাজারে অসহায় মানুষের মুখে একবেলা খাবারের হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন।২৩ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার পৌর ঈদগাহ সম্মুখে অসহায় পথচারী, রিকশাচালক ও দিনমজুর মানুষের মাঝে বিনামূল্যে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়।
মৌলা ফাউন্ডেশনের এই উদ্যোগ মৌলভীবাজার জেলায় এই প্রথম, যা সামাজিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলা ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক জাকির হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আসলম মিয়া, আলমগীর হোসেন, কয়েস মিয়া, সাংবাদিক জগলু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।বক্তারা তাদের বক্তব্যে মৌলা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং মৌলভীবাজারে প্রথমবারের মতো পথচারীদের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ কর্মসূচির জন্য সংগঠনটিকে সাধুবাদ জানান।
এসময় জাকির হোসেন বলেন, মৌলা ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত একটি জায়গা খোঁজা হচ্ছে, যেখানে প্রতিদিন একবেলা করে অসহায় মানুষদের খাবার খাওয়ানো হবে। তিনি আরও বলেন, এই উদ্যোগে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতে চাইলে বিকাশ নম্বর ০১৮১৯ ১৮৪১০৪ এর মাধ্যমে সহায়তা করতে পারেন।লোকমান তরফদার মৌলা মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বলিয়ারবাগ তরফদার বাড়ির কৃতি সন্তান। আমেরিকা প্রবাসী হলেও তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন।
এর আগে তিনি গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ডিপ টিউবওয়েল বিতরণ, মসজিদ নির্মাণে অর্থ সহায়তা, ঘর নির্মাণ, ঢেউটিন প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এছাড়া মৌলভীবাজার জেলার যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সবার আগে তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এবার ভিন্নধর্মী ও ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ হিসেবে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে বিনামূল্যে রান্নাকৃত খাবার বিতরণ করে নতুন এক মানবিক ইতিহাস গড়েছে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন।

