সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গজারিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা ও বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মীর পদত্যাগ

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।লিখিত বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভা) অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মতামত দিলেও সেই মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।এছাড়াও জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ মোট ১৩ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এসব সিদ্ধান্ত দলীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে তারা দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া যুবদল ও মৎস্যজীবী দলের একাধিক নেতাও পদত্যাগের তালিকায় রয়েছেন।ঘটনাটি গজারিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *