মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই। রোববার (স্থানীয় সময়) ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।দীর্ঘ সাংবাদিকতা জীবনে মার্ক টালি ছিলেন বিবিসির অন্যতম প্রভাবশালী কণ্ঠ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওর মাধ্যমে তিনি পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যা, নির্যাতন ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
তার সাহসী ও নির্ভরযোগ্য প্রতিবেদন মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও খ্যাতিমান সাংবাদিক সতীশ জ্যাকব।ব্রিটিশ-ভারতীয় নাগরিক মার্ক টালি ১৯৭১ সালে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সে সময় বিবিসি রেডিওতে তার প্রচারিত সংবাদ ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানার অন্যতম প্রধান উৎস। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শুধু পেশাগত দায়িত্ব হিসেবেই নয়, নৈতিক দায়বদ্ধতা থেকেও তুলে ধরেছিলেন বলে সহকর্মীরা মনে করেন।মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে।
পেশাগত জীবনের বড় একটি সময় তিনি ভারতে কাটান এবং টানা প্রায় ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেন।মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন।
সে সময় পাকিস্তান সরকার খুব সীমিতভাবে বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিয়েছিল। ওই সফরে মার্ক টালি ঢাকা থেকে সড়কপথে রাজশাহী যান এবং পথে পথে ধ্বংসস্তূপে পরিণত গ্রাম, জ্বালিয়ে দেওয়া বসতি ও সাধারণ মানুষের দুর্দশার দৃশ্য প্রত্যক্ষ করেন।পরবর্তীতে এক স্মৃতিচারণে তিনি বলেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আছে মনে করেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ।
স্বাধীনভাবে ঘুরে পরিস্থিতি দেখার সুযোগ পাওয়ায় তাদের প্রতিবেদন বিশেষ গুরুত্ব বহন করেছিল বলে তিনি উল্লেখ করেন।একাত্তরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১২ সালে মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পরও তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করে গেছেন।মার্ক টালির মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে যেমন এক যুগের অবসান হলো, তেমনি বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের এক বিশ্বস্ত ও সাহসী বন্ধুকে।

