মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণার সূচনা করেছে বিএনপি, যার কেন্দ্রবিন্দু সিলেট। প্রচারণার অংশ হিসেবে আজ একদিনেই সাতটি জেলায় সমাবেশে অংশ নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।বিএনপি সূত্র জানায়, আজ তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে জনসভায় বক্তব্য দেবেন।
তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে জনসভায় যোগ দেবেন।
দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।এর আগে নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি হিসেবে গতকাল বুধবার রাতে তারেক রহমান সিলেটে পৌঁছান। রাত ৮টায় বিজি-২২৭ নম্বর ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সড়ক পথে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
পরে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে রাত্রিযাপন করেন বিএনপি চেয়ারম্যান।

