সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার

Spread the love

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি(রাঙামাটি)প্রতিনিধি :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, প্রশাসনিক ভবনসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন।

তিনি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শিক্ষাজীবনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা জেলা পরিষদের চেয়ারম্যানকে বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থী সংখ্যা, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষাসামগ্রী ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, “পার্বত্য অঞ্চলে নারীদের শিক্ষার প্রসারে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মেয়েদের শিক্ষা নিশ্চিত করা মানেই একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলা।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *