ডেস্ক রিপোর্ট, newsbd24live:
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার বা ‘সম্পূর্ণরূপে কেনার’ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপের একাধিক দেশের ওপর কঠোর বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে এক বার্তায় তিনি জানিয়েছেন, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘোষণায় স্পষ্ট করেছেন যে, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সকল প্রকার পণ্যের ওপর প্রাথমিকভাবে ১০ শতাংশ হারে শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে।
পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেছেন, যদি পরিস্থিতির উন্নতি না হয় বা গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে কোনো সুরাহা না হয়, তবে পহেলা জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
এই আকস্মিক ঘোষণার পেছনে মূল কারণ হিসেবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সামরিক উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি কয়েকটি ইউরোপীয় দেশ গ্রিনল্যান্ডে তথাকথিত গোয়েন্দা অভিযানের নামে অল্প সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। বিষয়টি নজরে আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি মনে করেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার যে উচ্চাকাঙ্ক্ষা তার রয়েছে, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ তার পরিপন্থী।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আটলান্টিকের দুই পাড়ের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইউরোপের প্রধান অর্থনীতির দেশগুলোর ওপর এই শুল্কের প্রভাব হবে সুদূরপ্রসারী। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই অনড় অবস্থানের মুখে ইউরোপীয় ইউনিয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলো কী পদক্ষেপ গ্রহণ করে।

