মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এ শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষদিন আগামীকাল রোববার (১৮ জানুয়ারি)।এর আগে শুক্রবার সপ্তম দিনের শুনানিতে কমিশনে উত্থাপিত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয় এবং ১৭টি আপিল নামঞ্জুর হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও নামঞ্জুর করা হয়েছে। এদিন ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়।সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

