মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তিনি আরও বলেন, আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

