মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেন্সিডিল ও সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১০।রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে।
অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে “জিরো টলারেন্স” নীতিতে র্যাব সারাদেশে কার্যকর ভূমিকা পালন করছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল অদ্য ৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরির পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেন্সিডিল ও সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ জানায়, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও মাদক কারবার প্রতিরোধে বাহিনীটি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব

