শহীদুল ইসলাম শবীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর জিয়া উদ্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে ঢাকা জেলা বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) সকালে জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করেন।
দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য বাতিঘর। শত জুলুম, দীর্ঘ কারাভোগ এবং নানামুখী প্রতিকূলতার মাঝেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনোই মাথা নত করেননি।
নেতাকর্মীরা আরও বলেন, ইতিহাসের পাতায় তার নাম ‘গণতন্ত্রের আপোশহীন নেত্রী’ হিসেবে স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। দেশ ও মানুষের জন্য তার ত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা সাধারণ সম্পাদক মো: শামছুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: ফরহাদ হোসেন খান, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।

