সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারে রাতের আঁধারে তালা ভেঙে ৪ গরু চুরি

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারে সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাতের আঁধারে তালা ভেঙে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী কৃষক রুমেল মিয়া প্রতিদিনের মতো রাতে নিজের গোয়ালঘরে চারটি গরু তালাবদ্ধ করে রেখে ঘুমাতে যান।

কিন্তু রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে সুকৌশলে চারটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন।রুমেল মিয়া জানান, চুরি যাওয়া গরুগুলোই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। এই গরুগুলোর ওপর নির্ভর করেই চলতো সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ।

এক রাতেই সব হারিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায় ভুগছেন।স্থানীয়দের অভিযোগ, এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—রাতের টহল কোথায় ছিল?

গ্রামাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের নজরদারি কি যথেষ্ট?সচেতন মহলের মতে, একটি পরিবারের চারটি গরু চুরি হওয়া শুধু ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়; এটি গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার প্রতিফলন।এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে চোরচক্র শনাক্ত করা, চুরি যাওয়া গরু উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা এবং গ্রামাঞ্চলে রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *