সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু

Spread the love

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (ভোর আনুমানিক ৬টা) উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতদের একজন কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (৩০)। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া গ্রামের ফরজ আলীর ছেলে। অপরজন বিপ্লব হোসেন (৩২)—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে। তিনি পেশায় তাকওয়া ফুড কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক কোনো ধরনের সতর্ক সংকেত ছাড়াই মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল।

একই দিক থেকে আসা কাভার্ডভ্যানটি ট্রাকটি বুঝে ওঠার আগেই পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মানিকপুর এলাকায় একটি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল।

ওই ট্রাকের পেছনে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) ধাক্কা দিলে চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পালিয়ে গেছে। আমরা ট্রাকটি শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।

তিনি আরও জানান নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *