মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের আনুমানিক ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।
এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে ছুটে আসে।
প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করে।
আগুনে সাতটি টিনশেড দোকানে থাকা টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

