সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ঐতিহাসিক সংবর্ধনার প্রস্তুতিতে বিএনপি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় তাঁদের বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি বলছে, এটি হবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সারা দেশ থেকে লাখো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢাকায় আগমনের প্রস্তুতি চলছে। তাদের যাতায়াতের সুবিধার্থে সাতটি রুটে বিশেষ ট্রেন ভাড়া নেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ বাস, ট্রাক, মাইক্রোবাস, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় আসবেন।

অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন। ইতোমধ্যে গুলশান কার্যালয়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং গঠন করা হয়েছে বিশেষ অভ্যর্থনা কমিটি।নিরাপত্তা ব্যবস্থাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নিরাপত্তা কর্মকর্তা, কেনা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি এবং গুলশানের বাসভবন ও নয়াপল্টন কার্যালয় নতুন করে সাজানো হয়েছে।

বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে থাকবে কয়েক স্তরের নিরাপত্তাবলয়। এসএসএফ, ঢাকা মহানগর পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে।বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ সময় বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা জানাবেন।

বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট পর্যন্ত বিস্তৃত এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।উত্তরাঞ্চল থেকে আগত নেতা-কর্মীদের গাড়িবহর টঙ্গীর ইজতেমা মাঠে রাখা হবে। সেখান থেকে তাঁরা হেঁটে বিমানবন্দর সড়কে জড়ো হবেন। সাধারণ মানুষের যানজটের ভোগান্তি কমাতে বড়দিনের ছুটির দিনটিকেই তারেক রহমানের ফেরার সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে। লন্ডন থেকে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এ ছাড়া তাঁর মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা দেশে ফিরবেন।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্তকে ছাড়িয়ে যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এটি এমনভাবে স্মরণীয় করে রাখা হবে, যা আগামী বহু বছর মানুষ মনে রাখবে।

”উল্লেখ্য, ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে না পারায় দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হন। অবশেষে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরার পথ খুলেছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *