ডেস্ক রিপোর্ট
নিউজ বিডি ২৪ লাইভ:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে দুইজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন— ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, ঘটনার সময় মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন আলমগীর শেখ এবং পেছনে বসে হাদিকে লক্ষ্য করে গুলি চালান ফয়সাল করিম মাসুদ।
পালানোর পথ রুদ্ধ, সীমান্তে সতর্কতা
চিহ্নিত দুই আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি। তবে তারা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং দেশের সকল স্থল ও বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।”
এছাড়াও, সীমান্তের সন্দেহজনক যাতায়াতকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। এরই মধ্যে প্রধান অভিযুক্ত মাসুদের পাসপোর্ট ‘ব্লক’ করে দেওয়া হয়েছে।
ব্যাংক হিসাব জব্দ ও পুরস্কার ঘোষণা
হামলাকারী ফয়সাল করিম মাসুদের আর্থিক লেনদেন বন্ধ করতে আগেই ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। ফয়সাল ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ফয়সালের প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য।
এদিকে, এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সরকারের পক্ষ থেকে বড় অংকের পুরস্কার ঘোষণা করা হয়েছে। হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
হাদির শারীরিক অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে থাকা আততায়ী খুব কাছ থেকে গুলি চালালে তা হাদির মাথায় বিদ্ধ হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, এক দফা অস্ত্রোপচার করা হলেও হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।
সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও সংবাদ সম্মেলনে আশ্বস্ত করেন ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

