সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রশাসনের ‘অবহেলিত সন্তান’ কমলগঞ্জ!ইউএনও নেই, এসিল্যান্ডও নেই, অভিভাবকহীন পুরো জনপদ!

Spread the love

সম্পাদকীয়:

মৌলভীবাজার জেলার পর্যটনসমৃদ্ধ ও জনগুরুত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ এখন প্রশাসনিক অভিভাবকহীনতায় ভুগছে। উপজেলার শীর্ষ দুই প্রশাসনিক পদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এর চেয়ার বর্তমানে শূন্য। জোড়াতালি দিয়ে চলছে উপজেলার দাপ্তরিক কার্যক্রম, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাগ্রহীতারা।
​সরেজমিনে এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে কমলগঞ্জ উপজেলা পরিচালনার দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার ইউএনও ইসলাম উদ্দিন। তাঁকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কমলগঞ্জের কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ইসলাম উদ্দিন সাহেবের ব্যক্তিগত সদিচ্ছা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও, নিজের মূল কর্মস্থল শ্রীমঙ্গলের বিশাল কর্মযজ্ঞ সামলানোর পর কমলগঞ্জে পর্যাপ্ত সময় দেওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে কমলগঞ্জ উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষ দীর্ঘসূত্রিতার কবলে পড়ছেন। ছোটখাটো কাজের জন্যও তাঁদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।


​পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদের শূন্যতা। জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি এবং শুনানির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো স্থবির হয়ে পড়েছে। একই সাথে প্রশাসনের এই দুটি ভাইটাল পোস্ট খালি থাকায় পুরো উপজেলা প্রশাসন যেন অচল হয়ে পড়েছে। স্থানীয় ভুক্তভোগীদের মতে, একটি জনপদ এভাবে চলতে পারে না।


​জনমনে প্রশ্ন উঠেছে, সরকারি কর্মকর্তারা কেন কমলগঞ্জে দায়িত্ব পালনে অনাগ্রহী? প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি এড়িয়ে কেন দিনের পর দিন এই গুরুত্বপূর্ণ পদগুলো খালি রাখা হয়েছে? স্থানীয় সচেতন মহল মনে করছেন, এটি কেবল প্রশাসনিক দীর্ঘসূত্রিতা নয় বরং কমলগঞ্জবাসীর প্রতি এক ধরণের অবহেলা।


​ভুক্তভোগী জনসাধারণ এবং স্থানীয় বিশিষ্টজনদের দাবি, অবিলম্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই সংকটের চিত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হোক। তাঁরা আশা করছেন, মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে কমলগঞ্জে পূর্ণকালীন ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিয়ে প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *