সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

হাবিপ্রবিতে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা

Spread the love

হাবিপ্রবি প্রতিনিধি:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা কার্যক্রমে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা, যা গত অর্থবছরের ২ কোটি ৮০ লাখ টাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা বেশি। বিশ্ববিদ্যালযের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং ( আইআরটি) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১২৩টি স্বতন্ত্র গবেষণা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের ১৩টি চলমান কোলাবরেটিভ প্রকল্প এবং ২০২৩-২৪ অর্থবছরের ৪টি প্রকল্পও কার্যক্রমে রয়েছে।

স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা, চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর ৩ বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা। ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন বলেন, “মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা স্যারের দিক নির্দেশনায় এবছর আমরা গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লক্ষ বেশি দিতে সক্ষম হয়েছি। আমাদের রিসার্চ সফলভাবে চলছে।

আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়ন ও বিশ্বমানের গবেষণার জন্য আমরা কাজ করে যাচ্ছি।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *