মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে হত্যা, মাদক ও অস্ত্রসহ মোট ২১ মামলার আসামি আলোচিত শান্তির ছেলে বাবু মিজি (৩০) এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে জমা দেন।
এর আগে বৈখর ও পশ্চিম দেওভোগ এলাকার শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বাবুর বোন শিউলি বেগম বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাবু মিজি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
একাধিকবার অভিযোগ করা হলেও সঠিক বিচার হয়নি। বক্তারা বাবুর পরিবারের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি এলাকায় সক্রিয় অন্যান্য মাদককারবারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বিক্ষোভে অংশ নেন পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বুলু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বাবু একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এবার গ্রেফতারের পর যেন তিনি আর জামিনে মুক্ত হতে না পারেন—এ দাবি জানান তারা।উল্লেখ্য, গত ২ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ হত্যা, মাদক ও অস্ত্রের ২১ মামলার আসামি বাবু মিজিকে আটক করে। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর এলাকার মৃত আফিজ উদ্দিন সরকারের ছেলে এবং বর্তমানে জেলহাজতে রয়েছেন।

