হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক। এ উপলক্ষে রবিবার (৭ ডিসেম্বর) সকালে মস্তফাপুর কলেজ মাঠ থেকে তাঁর নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মস্তফাপুর কলেজ মাঠ এলাকা থেকে যাত্রা শুরু করে ইটেরপুল, ডাসার, ভূরঘাটা, কালকিনি ও সাহেবরামপুর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রতিটি পথেই শোভাযাত্রা ঘিরে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পথে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা এস এম আজিজুল হক বলেন, “শান্তি, ন্যায়বিচার এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।” তিনি জনগণের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন এবং সহযোগিতা পেলে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালকিনি পৌরসভার সাবেক হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা বলেন, জনসম্পৃক্ত ও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে এই নেতৃত্ব প্রয়োজন।
তাই প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।শোভাযাত্রা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। এলাকাবাসীও এই কর্মসূচিকে নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণা হিসেবে দেখছেন।

