মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ–পুলিশ। শনিবার দুপুরে হোসেন্দী ও বাউশিয়া ইউনিয়নের নদীপাড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় মেঘনা নদীর তীরে স্থানীয় জেলেরা প্রথমে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর ভাসমান লাশ দেখতে পান।
ধারণা করা হচ্ছে, মেঘনার স্রোতে ভেসে এসে লাশটি ডুবুরচরে আটকে ছিল।এর প্রায় দেড় ঘণ্টা পর, বেলা সাড়ে ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় তীরে আটকে থাকা আনুমানিক ৩৬ বছর বয়সী এক পুরুষের লাশ দেখতে পান স্থানীয়রা। সকালে থেকেই লাশটি নদীতে ভাসছিল বলে জানান তারা।খবর পেয়ে গজারিয়া নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরজিৎ কুমার ঘোষ বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা লাশ দু’টি উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, দুটি লাশই অজ্ঞাতনামা। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে জানানো হয়েছে। পাশাপাশি লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।উদ্ধার হওয়া লাশগুলি নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

